বাগেরহাটে নিখোঁজের দুইদিন পর খালে যুবকের মরদেহ

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১১:৩৮ এএম

বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজের দুইদিন পর খালে ভাসমান অবস্থায় মাহমুদ শেখ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের দক্ষিণ শৈলদাহ গ্রামের একটি খালের কচুড়িপানার ভেতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার হয়।

ময়নাতদন্তের জন্য যুবকের মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এই যুবককে হত্যা করা হয়েছে নাকি তার স্বাভাবিক মৃত্যু হয়ে তা ময়নাতদন্ত ছাড়া বলতে পারছে না পুলিশ।

মাহমুদ শেখ চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের বাকেরকান্দি গ্রামের প্রয়াত বজলু শেখের ছেলে।

পরিবারের বরাত দিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শরীফুল ইসলাম সকালে এই প্রতিবেদককে বলেন, গত ২৮ এপ্রিল রাতে মাহমুদ শেখ নামে এই যুবক বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সেই থেকে এই যুবক নিখোঁজ ছিলেন।

বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন নিখোঁজ যুবকের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে খালের কচুড়িপানার ভেতরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ সেখান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। যুবকের পরিবার ঘটনাস্থলে তাকে শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য যুবকের মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই যুবককে হত্যা করা হয়েছে নাকি তার স্বাভাবিক মৃত্যু হয়ে তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত