করোনা উপসর্গ নিয়ে বুধবার রাতে ফেনী জেনারেল হাসপাতালে মো. সেলিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামে। সে ফেনী শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতো।
সেলিমের স্ত্রী রুমা বেগম বেমন জানায়, তার স্বামী গত কয়েক বছর ধরে উচ্চরক্তচাপ, ডায়াবেটিক রোগে ভুগছেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে বুধবার বিকেলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১ টার দিকে মৃত্যুবরণ করে।
ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, করোনার লক্ষণ নিয়ে সে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলকান্দি ইউনিয়েনর চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের পর রাতে তার লাশ স্বজনেরা সোনাগাজীর গ্রামে বাড়িতে নিয়ে আসেন। বৃহস্পতিবার ভোরে সোনাগাজী মডেল থানা পুলিশের উপস্থিতিতে পারিবারের কয়েকজন সদস্যের অংশগ্রহণে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
