প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ০১ মে ২০২০, ০৩:২০ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা, অশ্লীল ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে মো. ফরিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৩ দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ তাকে গ্রেপ্তার করে আটোয়ারী থানায় সোপর্দ করে।

পরে তার বিরুদ্ধে আটোয়ারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। তার বাড়ি জেলার আটোয়ারী উপজেলার যাদববাটি গ্রামে। তিনি ওই গ্রামের  মো. পৈমদ্দিনের ছেলে।

র‌্যাব-১৩ জানায়, সোস্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের বিরুদ্ধে গুজব সৃষ্টি এবং অপপ্রচারের অভিযোগে অভিযান চালিয়ে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার মোবাইল ফোন জব্দ করে তার ব্যবহৃত ফেইসবুক আইডি সার্চ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা, অশ্লীল ও মানহানিকর পোস্ট দেয়ার প্রমাণ পাওয়া যায়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে ফরিদুল তার অপরাধের কথা স্বীকার করেছেন। র‌্যাব-১৩ (পুলিশ পরিদর্শক মো. মোফাজ্জল হোসেন) বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে তাকে আটোয়ারী থানায় সোপর্দ করা হয়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইজারউদ্দিন জানান, আটক বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত