আয়োজনহীন জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন আনুশকা

আপডেট : ০১ মে ২০২০, ০৯:১৭ পিএম

প্রতি বছর জন্মদিনে কোনো না কোনো সেলিব্রেশনের ছবি-ভিডিও সামনে আসে। বিরাট কোহলির সঙ্গে বিয়ে বা প্রেমপর্ব চলাকালীনও অন্তত ক্রিকেট অধিনায়কের সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গিয়েছে মনের মানুষের জন্য বিশেষ বার্তা। জন্মদিনে অন্তত আনুশকার সঙ্গে কোনো ছবি পোস্ট করে মনের কথা শেয়ার করেই থাকেন বিরাট। তবে এবারের জন্মদিনে নেই সেসবের কোনোটাই। একেবারে নীরবে নিভৃতেই জন্মদিন কাটাচ্ছেন আনুশকা শর্মা এবং তার স্বামী বিরাট কোহলি।

করোনাভাইরাসের আতঙ্কে ভারতজুড়ে চলছে লকডাউন। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। আনুশকা ও বিরাট দুজনেই গৃহবন্দী এবং তারা সোশ্যাল মিডিয়ায় বারবার সবাইকে অনুরোধ জানিয়েছেন ঘরেই থাকার জন্য। পাশাপাশি, দেশের করোনা পরিস্থিতিতে করেছেন আর্থিক সাহায্যও।

এরই সঙ্গে গত দু’দিনে বলিউড হারিয়েছে তার দুই তারকাকে। বুধবার ইরফান খানের মৃত্যুর পরই গতকাল প্রয়াত হয়েছেন ঋষি কাপুর। এই শোক সামলাতে এখনো অনেকটাই সময় লাগবে বলিউডের। আনুশকাও এই দুই তারকার প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শোকবার্তা। বিরাটও সোশ্যালে শোকজ্ঞাপন করেছেন এ নিয়ে। হয়তো এ কারণেই এবারের জন্মদিনে একেবারেই নীরবে থাকার পরিকল্পনা করেছেন বিরাট-গৃহিনী।

তবে বলিউডের প্রথম সারির এবং জনপ্রিয় নায়িকা আনুশকা শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মীরা। তালিকায় রয়েছেন সোনম কাপুর, ক্যাটরিনা কাইফ, বরুণ ধাওয়ান। শুভেচ্ছা টুইট করেছেন খেলোয়াড়েরাও। যুবরাজ সিং এবং সাইনা নেহওয়াল আনুশকা-বিরাটের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বার্থডে গার্লকে। শুক্রবার ৩২ বছরে পা দিলেন নায়িকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত