চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারির ঘটনায় চুরিকাঘাতে নুরুল হক সাইমন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় সিফাত (১৭) ও মনছুর (১৭) নামে নিহত সাইমনের আরও দুই বন্ধু গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকালে উপজেলার নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের চুরিকাঘাতে সাইমন গুরুতর আহত হয়। একই ঘটনায় আহত হয় আরও দুইজন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নাজিরহাটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চমেকে নেওয়ার পথে সাইমনের মৃত্যু হয়।
অপরদিকে, ঘটনাস্থল থেকে মাহফুজ নামে এক কিশোরকে আটক করে পুলিশে তুলে দেয় স্থানীয় জনতারা। পুলিশ থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার এস. আই দেলোয়ার বলেন, 'দুই কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারি ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।'
স্থানীয় একটি সূত্রে জানা যায়, মারামারির ঘটনায় জড়িতরা চিরন্তন '৭১ নামে একটি গ্রুপে সংঘবদ্ধ ছিলো। স্কুলের ব্যাচভিত্তিক দু'টি গ্রুপের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।
