ঐতিহাসিক ম্যাচের ব্যাট নিলামে তুলছেন মোসাদ্দেক

আপডেট : ০২ মে ২০২০, ১২:৪৯ এএম

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শামিল ছিলেন শুরু থেকেই। অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিভিন্ন সময়। এবার সতীর্থদের মতো নিজের একটি স্মরণীয় ম্যাচের স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত নিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।

গত বছর বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড পাড়ি দেওয়ার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশিয় সিরিজে শিরোপা জয় করে বাংলাদেশ। টাইগারদের যা প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে মোসাদ্দেক খেলেন ২৭ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস। ২ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংসে ম্যাচসেরার পুরস্কারও জেতেন এই ডান হাতি ব্যাটার। সেই ম্যাচের ব্যাটটাই নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মোসাদ্দেক।

ফেইসবুকে পেজে করা পোস্টে মোসাদ্দেক লিখেছেন, ‘এ ব্যাটে একটা ইতিহাস লেখা আছে। আমি এ ব্যাটে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত ফিফটিতে দেশকে প্রথম শিরোপা জিততে অবদান রেখেছিলাম।’

‘এ ব্যাটের গল্পটা এখনই শেষ নয়। এ ব্যাট নিয়ে আমি লড়াই করতে চাই করোনার বিরুদ্ধে। তাই সিদ্ধান্ত নিয়েছি ব্যাটটা নিলামের। এ ব্যাট বিক্রির পুরো টাকা ব্যয় হবে করোনা আক্রান্তদের জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত