‘স্বাস্থ্যকর্মীকে পুকুর পাড়ে কোয়ারেন্টাইনে রাখার ঘটনায় আ.লীগ জড়িত নয়’

আপডেট : ০২ মে ২০২০, ০১:৫৭ পিএম

কোটালীপাড়ার গ্রামে নারী স্বাস্থ্যকর্মীকে পুকুর পাড়ে কোয়ারেন্টাইনে রাখার ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জড়িত নয় বলে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ দাবি করেছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, পৌরমেয়র ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাদল, মতিয়ার রহমান হাজরা, আতিকুজ্জামান খান, রুহুল আমিল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসন শেখ বলেন, তারা স্বাস্থ্যকর্মী লোপা মল্লিকের বিষয়টি জানার সাথে সাথে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষ্ণ প্রসাদ মজুমদারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির বাকি দুই সদস্য হলেন উপজেলা কমিটির সাবেক প্রচার সম্পাদক মতিয়ার রহমান হাজরা ও সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন খান। এই কমিটি তাদের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে দাখিল করেছে।

তিনি বলেন, ওই স্বাস্থ্য কর্মী লোপা মল্লিককে পুকুর পাড়ে ঝুপড়ি ঘরে থাকতে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী বাধ্য করেনি বা এর
সাথে জড়িত নয়।

তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল সাংবাদিকদেরকে মিথ্যা তথ্য দিয়ে এ ঘটনাকে স্থানীয় আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়ে একটি অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলনে এ ঘটানার তীব্র প্রতিবাদ জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত