রবিবার মার্কিন প্রতিষ্ঠান সিডিসিকে করোনা কিট দেবে গণস্বাস্থ্য

আপডেট : ০২ মে ২০২০, ০৫:০১ পিএম

আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনকে (সিডিসি) রবিবার করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তের ৮০০কিট দেবে গণস্বাস্থ্য কেন্দ্র।

শনিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ২৮ এপ্রিল সিডিসির পরিচালক সরাসরি চিঠি দিয়ে আমাদের কাছে কিট চেয়েছেন। তারা আমাদের কিট নিয়ে খুব উৎসাহী। আমরা আগামী দুই দিনের মধ্যে ৮০০ স্যাম্পল কিট দিয়ে দেব। আমি খুবই আশাবাদী সফল হবই।

প্রসঙ্গত, নানা নাটকীয়তা ও আলোচনা-সমালোচনার পর গত বৃহস্পতিবার জাতীয় ঔষধ প্রশাসন অধিদপ্তর জনস্বাস্থ্যের তৈরি কিট পরীক্ষার অনুমতি দেয়। তখন জাফরুল্লাহ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, আমাদের কিট পরীক্ষার অনুমতি দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা আইসিডিডিআরবি’র যেকোনো একটিতে পরীক্ষা করার কথা বলেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

নিজেদের তৈরি কিট সম্পর্কে জাফরুল্লাহ চৌধুরী বলেন, একেকটি নমুনা কমপক্ষে ৫বার করে পরীক্ষা করে দেখা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ তাদের কাছে এই কিট চাইছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের দাবি, তারা করোনাভাইরাস শনাক্তের সহজ ও সুলভমূল্যের পদ্ধতি উদ্ভাবন করেছে। বর্তমানে করোনাভাইরাস শনাক্তকরণের যে কিট আছে, তার দাম প্রায় ১০-১৫ হাজার টাকা। আর গণস্বাস্থ্যের কিট দিয়ে মাত্র তিন শ টাকায় করোনা শনাক্ত করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত