আইন পাস করতে হয়নি আইসিসিকে। তার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট বোর্ড বল শাইনিংয়ের জন্য বোলার-ফিল্ডারদের মুখের ‘লালা’ ব্যবহারে নিষেধাজ্ঞা করেছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মাধ্যমটিকে থামানোর লক্ষ্যেই তাদের এই সিদ্ধান্ত। কিছুদিন আগে আইসিসি বল চকচকে করতে ‘লালা’ ব্যবহার নিষিদ্ধের নিয়ম করবে বলে খবর ওঠে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা দেওয়ার আগেই তা কার্যকর করে দিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব স্পোর্ট (এআইএস) দেশটির মেডিকেল বিশেষজ্ঞ ও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত দিয়েছে। লালার পাশাপাশি শরীরের ঘাম ব্যবহার করা থেকেও ক্রিকেটারদের বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা। ক্রিকেট মাঠে ফেরানোর ব্যাপারে তিন ধাপের পদক্ষেপ নিয়েছে এআইএস। প্রথম ধাপ এখন চলছে, অর্থাৎ দলগত কোনো অনুশীলন বা খেলা হবে না। দ্বিতীয় ধাপে কয়েক সপ্তাহ পর ক্রিকেটারদের জন্য শুধু ব্যক্তিগত ও নেট অনুশীলনের অনুমতি দেওয়া হবে। আর বছরের শেষাংশে দলগত অনুশীলনের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়। ইন্টারনেট।
