করোনাভাইরাসের কারণে এক মাসেরও বেশি সময় ধরে দেশে সাধারণ ছুটি চলছে। বন্ধ রাখা হয়েছে সব ধরনের গণপরিবহন চলাচল। এমন পরিস্থিতির মধ্যেও কমেনি সড়ক দুর্ঘটনা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাব বলছে, গত এক মাসে দেশে ২০১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ২১১ জন। যা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর চেয়েও বেশি।
গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক মাসের বেশি সময় ধরে দেশে প্রায় লকডাউন পরিস্থিতি চলছে। এর মধ্যেও ২০১টি সড়ক দুর্ঘটনায় ২১১ জন নিহত এবং ২২৭ জন আহত হয়েছেন। একই সময় নৌপথে আটটি দুর্ঘটনা ঘটে। যাতে আটজন নিহত, দুজন আহত এবং দুজন নিখোঁজ হন। এতে বলা হয়, নিহতদের মধ্যে ৫০ চালক, ৬৪ পথচারী, ২২ নারী, ১১ শিক্ষার্থী, ২০ পরিবহন শ্রমিক, ১৮ শিশু, একজন রাজনৈতিক দলের নেতাকর্মী, দুজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তিন শিক্ষক ও একজন সাংবাদিক রয়েছেন। দুর্ঘটনা ঘটেছে ৯৭ ট্রাক ও কাভার্ডভ্যান; ৬৩টি মোটরসাইকেল; ২৯টি ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক; ২৮টি নসিমন ও করিমন; ২২টি সিএনজিচালিত অটোরিকশা; ১৭টি প্রাইভেটকার ও একটি বাসের মাধ্যমে। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয় ২৩ এপ্রিল। ওইদিন ১৩ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয় ৯ এপ্রিল। সেদিন মারা যায় একজন।
সড়কে নারীসহ নিহত ৩ : গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালের এসব দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছে। এদিন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাইক্রোবাস উল্টে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন আহতের খবর পাওয়া গেছে।
গাজীপুরের নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই চাঁন মিয়া জানান, রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় গাজীপুর থেকে মাওনাগামী ট্রাকের সঙ্গে বিপরীতগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক গাজীপুর সদর উপজেলার ভবানীপুর নয়াপাড়া এলাকার সুশীল চন্দ্র বর্মণ (৫০) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন অটোরিকশার দুই যাত্রী।
এছাড়া কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, উপজেলার দস্যুনারায়ণপুর এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশা থেকে পড়ে আছিয়া খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আছিয়া কাপাসিয়ার দস্যুনারায়ণপুর গ্রামের সোলায়মান হোসেনের স্ত্রী।
এদিকে গোমস্তাপুর থানার এসআই কামরুজ্জামান জানান, উপজেলার বোয়ালিয়া চৌডালা সড়কের বসনীটোলা গ্রামে সকালে মাইক্রোবাস উল্টে চালক মোহাম্মদ আলী (৩৫) নিহত হয়েছেন। আলী ওই গ্রামের পাতু শেখের ছেলে। সকালে তিনি তার মা ও ভাবিকে নিয়ে অসুস্থ সন্তানকে দেখতে গোমস্তাপুরের চৌডালার উদয়নগরে যাচ্ছিলেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
