নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এই প্রথম দুজন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত শনিবার চট্টগ্রাম বিআইটিআইডির নমুনা পরীক্ষায় তাদের কভিড-১৯ পজিটিভ আসে। তারা হলেন, হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া মুন্নী বেগম (২৫) ও ওয়ার্ডবয় বেলাল উদ্দিন (৩৫)। গতকাল রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, এই দুই স্বাস্থ্যকর্মীর নমুনা গত ২৫ এপ্রিল চট্টগ্রামে পাঠানো হয়। কিন্তু উপসর্গ দেখা না দেওয়ায় কর্র্তৃপক্ষের নির্দেশে শনিবার রাত ৮টা পর্যন্ত তারা হাসপাতালে দায়িত্ব পালন করেন। রাত ১০টার দিকে নমুনার রিপোর্ট আসে। পরে রাতেই উপজেলা প্রশাসন মুন্নীকে নিজ বাড়িতে আইসোলেশনে রাখে। আর ওয়ার্ডবয় রিপোর্ট আসার তিন দিন আগে শহরের মাইজদীতে শহিদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা হাসপাতালে অতিরিক্ত দায়িত্বে যোগ দেন। তাকেও আইসোলেশনে রাখা হয়েছে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন জানান, উপজেলা থেকে এখন পর্যন্ত ৮৩ জনের নমুনা বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। এর মধ্যে কয়েক ধাপে ৪৭ জনের রিপোর্ট এসেছে। এতে প্রথম দুজন পজিটিভ হলেন। আক্রান্তদের সংস্পর্শে আসাদের খুঁজে বের করে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
