নীলফামারীতে নতুন করে পাঁচজনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে; যা এক দিনে জেলায় সর্বোচ্চ। এই পাঁচজনই ব্যাংক কর্মকর্তা। গত শনিবার রাত পৌনে ১১টার দিকে নতুন এই পাঁচজন শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হওয়ার সংখ্যা ২১ বলে জানান তিনি।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ‘শনিবার নতুন শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখার ৪ এবং অপরজন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ডিমলা উপজেলার ডাঙ্গারহাট শাখার কর্মকর্তা। গত ৩০ এপ্রিল ওই পাঁচজনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ আরও বলেন, দুই ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে।
