সরকারি নির্দেশ অমান্য করে বিকেল ৪টার পর দোকান খোলা রাখায় রাজধানীর মগবাজার মোড় ও ইস্কাটন রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে সহায়তা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ শামীম।
ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা দেশ রূপান্তরকে বলেন, ‘হাতিরপুল কাঁচাবাজার ও মগবাজার মোড়ে ও ইস্কাটন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। হাতিরপুল কাঁচাবাজারে পণ্যের দাম স্থিতিশীল পাওয়া যায়। এ সময় মগবাজার মোড় এলাকায় কিচেন ও হোম অ্যাপ্লায়েন্স এর দোকান বিকেল সাড়ে ৪টার পর এবং ইস্কাটন রোডে বেশ কিছু টায়ারের দোকান সাড়ে ৫টার পরও খোলা পাওয়ার কারণে পৃথক দুইটি মামলায় সর্বমোট ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় অন্যান্য অনেক দোকানকে সতর্ক করা হয়।
রোজার মধ্যে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার নিত্যপণ্যের দোকানগুলো সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর আগে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছিল।
