করোনাভাইরোস মোকাবিলায় লকডাউনের জেরে বন্ধ রয়েছে ভারতের সমস্ত সিনেমা হল। মুক্তি পাচ্ছে না একাধিক ছবি। এদিকে পরিস্থিতি দেখে ক্রমশই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
এমন অবস্থায় ছবি শেষ হয়েও মুক্তি পাচ্ছে না। তাই অনেক প্রযোজক থিয়েটারের বদলে ডিজিটালি ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (MAI) স্টুডিও পার্টনার, প্রযোজক, শিল্পী ও লেখকদের কাছে সিনেমা ডিজিটালি রিলিজ না করার আবেদন জানিয়েছে।
তাদের অনুরোধ, এতদিন যেভাবে থিয়েটার ছবি মুক্তি পেয়েছে, সেকথা মাথায় রেখে আর বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে যেন ছবি মুক্তি স্থগিত রাখেন তারা।
করোনার প্রাদুর্ভাবের জন্য প্রায় গোটা দেশ গৃহবন্দি। লকডাউন জারি হয়েছে দেশজুড়ে। এই সময় সিনেমা হলে ছবি মুক্তির প্রশ্নই ওঠে না। ফলে অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী বম্ব’-সহ বেশ কিছু ছবি ডিজিটালি মুক্তি পেতে পারে বলে খবর বেড়িয়েছে। ইতিমধ্যেই হটস্টারে মুক্তি পেয়েছে ‘বাঘি ৩’।
তাই হল মালিকদের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘থিয়েট্রিকাল উইন্ডোর প্রতি শ্রদ্ধাবশত’ যেন ছবির ডিজিটালি রিলিজ না করা হয়। এখন যেন তারা ছবির মুক্তি স্থগিত রাখেন। আবার যখন সিনেমা হল খুলবে, তখন ছবি রিলিজ করেন তারা।”
সূত্র: টাইমস অব ইণ্ডিয়া
