করোনাভাইরাসে আক্রান্ত (কভিড-১৯) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক অধ্যাপককে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পনসিবিলিটিস (এফডিএসআর)এর এক নেতা তথ্য জানিয়েছেন।
রবিবার বিএসএমএমইউ-এর ওই অধ্যাপক তার ফেইসবুক পেজে লিখেন, ‘কয়েকদিন ধরেই শরীরটা বেশ খারাপ যাচ্ছিল। বিভাগের কাজেই বিএসএমএমইউ-তে যাতায়াত। আমার বিভাগে করোনা রোগীও ছিল। সাবধান থাকার চেষ্টাও করেছি। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। করোনা পজিটিভ হলো।’
এর আগে বিএসএমএমইউ’র আরও দুই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
উল্লেখ্য, দেশে করোনা ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক এবং নার্সের পর পুলিশ সদস্যরাই বেশি করোনা আক্রান্ত হচ্ছেন।
সরকারি হিসাব অনুযায়ী, সোমবার নাগাদ দেখে ১০ হাজার ১৪৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১৮২ জন।
