ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা আক্রান্ত পরিবারের ধান কেটে দিয়েছে যুবলীগ নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে উপজেলার আমোদাবাদ গ্রামের পশ্চিম বিল থেকে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এর আগে আরো তিন কৃষকের ধান কেটে দেওয়া হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগ সভাপতি মো. মনির খানসহ ২৪ জন যুবলীগ নেতা-কর্মী ৪০ শতাংশ জমির ধান কাটার কাজে হাত দেয়।
পৌর যুবলীগের সভাপতি মনির খান জানান, ওই পরিবারের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। দুশ্চিন্তাগ্রস্ত পরিবারটি ধান কাটতে পারছিল না। বিষয়টি জেনে আমরা ধান কাটার সিদ্ধান্ত নিই।
তিনি আরো জানান, সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক নির্দেশ দিয়েছেন যুবলীগ নেতা-কর্মীরা যেন কৃষকদের সহযোগিতা করেন। এরই অংশ হিসেবে সবাই মাঠে আছেন।
