মদের দোকান খোলার ফলে অন্যান্য সমস্যার সঙ্গে বেড়ে যাবে পারিবারিক সহিংসতা, নারী ও ছোটদের ওপর অত্যাচার বেড়ে যাবে- এমন যুক্তি দিয়ে লকডাউনের মধ্যে মদের দোকান খোলার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করলেন ভারতীয় অভিনেত্রী মালাইকা অরোরা।
নিজের ইন্সটাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন মালাইকা। সেখানেই সোমবার থেকে মদের দোকান খোলা নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেন ‘ছাইয়া ছাইয়া’ গার্ল।
এদিকে একই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন জাভেদ আখতারও। এই কবি-গীতিকার ও চিত্রনাট্যকারের আশঙ্কা মোদি সরকারের এই সিদ্ধান্তে পারিবারিক সহিংসতা বেড়ে যাবে।
ভারত সরকারের এক নির্দেশনায় জানা যায়, ক্যান্টনমেন্ট জোন বাদে প্রায় সব জায়গায় শর্তসাপেক্ষে খোলা যাবে মদের দোকান। তবে পুরো বিষয়টি রাজ্য সরকারগুলোর অনুমতির ওপর নির্ভর করছে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশনায় ক্ষুব্ধ জাভেদ আখতার।
টুইটারে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘লকডাউনের সময় মদের দোকান খোলার প্রভাব আরও মারাত্মক হবে। একাধিক সমীক্ষাতেই দেখা গিয়েছে, এই লকডাউন পর্বে পারিবারিক সহিংসতার হার বেড়ে গেছে অনেক মাত্রায়। কাজেই মদের দোকান খোলার সিদ্ধান্তে যে শিশু এবং নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, তা বলাই বাহুল্য।’
ইতিমধ্যেই রেড জোনে থাকা দিল্লিসহ একাধিক কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য সরকারের নির্দেশনা মেনে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে।
