ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ওয়েন মরগান মনে করেন, দৈর্ঘ্য ছোট হওয়ায় টি-১০ ক্রিকেট অলিম্পিকে যুক্ত করার জন্য আদর্শ ফরম্যাট।
তার মতে এই ফরম্যাটের আসর ১০ দিনেই শেষ করা সম্ভব। তাই অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে টি-১০ ক্রিকেট যুক্ত করার প্রস্তাব করছেন মরগান।
১৯০০ অলিম্পিক এবং ১৯৯৮ কমনওয়েলথ গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। এরপর অনেকবারই এই বৈশ্বিক ক্রীড়া আসরগুলোতে ক্রিকেট ফেরানোর আলোচনা হয়েছে। কিন্তু সময় সাপেক্ষ খেলা বলে আর কখনো ক্রিকেট ছিল না অলিম্পিকে।
তবে আসছে ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মরগানের মতে টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্টের চেয়ে টি-১০ বেশি মানানসই হবে।
মরগান বলেন, ‘অলিম্পিক বা কমনওয়েলথ গেমসের জন্য অন্য তিন ফরম্যাটের চেয়ে টি-১০ বেশি আকর্ষণীয় হবে। বিশেষ করে পুরো টুর্নামেন্ট যখন আপনি ১০ দিনের মধ্যে শেষ করতে চাইবেন। অল্প সময়ে টুর্নামেন্ট আয়োজন করতে এটি সুবিধা করে দেবে।’
এ ছাড়া টি-১০ অলিম্পিকে অন্তর্ভুক্ত হলে সেটি সাড়া ফেলবে বলেও দাবি করছেন মরগান, ‘৮-১০ দিনের মধ্যে আপনি যখন একটি টুর্নামেন্ট খেলবেন, তখন এটি সত্যিই খুব সাড়া ফেলবে এবং খুবই আনন্দদায়ক হবে।’
