টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাইসহ নিহত ৩

আপডেট : ০৭ মে ২০২০, ০১:৫৫ এএম

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, গতকাল বুধবার ভোর থেকে সকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার রঙ্গিখালী গাজী পাহাড়ের পশ্চিম দিকে পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহতরা শীর্ষ ডাকাত ছিলেন।

নিহতরা হলেন উপজেলার রঙ্গিখালী গ্রামের মৃত আবদুল মজিদ প্রকাশ ভোলাইয়া বৈদ্যের ছেলে সৈয়দ আলম (৩৮) ও নুরুল আলম (৩৭) এবং একই গ্রামের সাব্বির আহমদের ছেলে মো. মনাইয়া (২২)। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে রঙ্গিখালীর গহিন পাহাড়ে ডাকাতদের আস্তানায় অভিযানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সৈয়দ আলম, নুরুল আলম ও মনাইয়া। বন্দুকযুদ্ধে পুলিশের চার কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন জানিয়ে ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে পাঁচটি একনলা বন্দুক, দুটি থ্রি-কোয়ার্টার বন্দুক, ১০টি এলজি, ১১ রাউন্ড রাইফেলের গুলি, আট রাউন্ড পিস্তলের গুলি, ২০৫ রাউন্ড তাজা কার্তুজ, ৭২ রাউন্ড কার্তুজের খোসা ও ৫৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত