গৃহবধূকে নির্যাতনের পর মৃত ভেবে ডোবায় ফেললেন স্বামী-শাশুড়ি

আপডেট : ০৭ মে ২০২০, ০২:১৭ পিএম

যৌতুকের দাবিতে নির্যাতন করে নিশাত সুলতানা (২৫) নামের এক গৃহবধূকে মৃত ভেবে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সীতাকুন্ডের দক্ষিণ ইদিলপুরের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।

বুধবার দুপুরের এ ঘটনায় স্বামী ও শাশুড়িকে আসামি করে রাতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। তবে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা।

মামলার বাদী মো. ফারুক ও মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ডিসেম্বরে পৌরসভার দক্ষিণ ইদিলপুরের মৃত সালা উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩৫) ভালোবেসে বিয়ে করেন মুরাদপুর ইউনিয়নের বশরত নগর গ্রামের মো. ফারুকের কন্যা নিশাত সুলতানাকে।

তাদের ঘরে ১১ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। ছেলের জন্মের পর থেকেই বাপের বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ দিতে থাকে আরিফ ও তার মা সেলিনা আক্তার।

এতে অস্বীকৃতি জানালে স্বামী ও শাশুড়ি মিলে নানা সময় শারীরিক নির্যাতন করে। কিন্তু অসম্মানের ভয়ে নির্যাতনের কথা কারো কাছে প্রকাশ করতেন না তিনি। বুধবার একইভাবে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে আঘাত সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলে মৃত ভেবে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেয় তারা।

একইদিন গৃহবধূর মা মোতাহেরা বেগম মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে না পেয়ে স্বামী ও শাশুড়ির কাছে জানতে চাইলে তারা জানে না বলে জানান। তখন স্থানীয় লোকজনসহ খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী একটি ডোবা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই ঘটনায় গৃহবধূর বাবা বুধবার রাতে বাদী হয়ে সীতাকুন্ড থানায় একটি মামলা দায়ের করেন।

তবে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। মামলা দায়েরের কথা নিশ্চিত করে আসামিদের আটকে অভিযান অব্যাহত আছে বলে জানান সীতাকুন্ড থানার ইন্সপেক্টর ইন্টেলিজেন্স সুমন বণিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত