স্বপ্নের সিনেমায় যাদের সঙ্গ চান দীপংকর দীপন

আপডেট : ০৭ মে ২০২০, ০৩:০৫ পিএম

‘ঢাকা অ্যাটাক’-খ্যাত দীপংকর দীপন জানালেন তার স্বপ্নের কথা। সেই স্বপ্ন একটি সিনেমা নির্মাণের, যেখানে যুক্ত থাকবেন ঢাকাই ইন্ডাস্ট্রির একঝাঁক মেধাবী মুখ।

না, নায়ক-নায়িকা নয়। ক্যামেরা পেছনে নিজের সঙ্গে কাদের চান সেই কথাই জানালেন নির্মাতা। অবশ্য পছন্দের ভিলেনের নামও রাখলেন তালিকায়।

বৃহস্পতিবার দুপুরে ফেইসবুকে দীপংকর দীপন লেখেন, “সিনেমা নিয়ে আমার একটা স্বপ্ন আছে- আমি একটা সিনেমা বানাতে চাই- যেটার চিত্রনাট্য লিখবে অনন্য মামুন, শ্যূট করবে আশিকুর রহমান, এডিট ও গ্রাফিক্স করবে সৈকত নাসির, মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করবে তন্ময় তানসেন, সব গানের কথা লিখবে এস এ হক অলিক, প্রধান অ্যান্টাগনিস্ট চরিত্রে অভিনয় করবে সাইফ চন্দন.. পেশাগত সম্পর্কের জন্য নয়, আমি কাজের মুগ্ধতার জন্যই তাদের চাই।”

আরও বলেন, “যাদের নিয়ে স্বপ্ন তাদের কাউকে বলিনি এতদিন- হয়তো আজ সবাইকে একসাথে একই সময়ে বলার জন্য। করোনা শুধু উসকে দিয়েছে। এটা আমার আজকের স্বপ্ন না, ‘ঢাকা অ্যাটাক’ রিলিজের আগে থেকেই। আমার কোর টিমের অনেকে জানেও। এই বার করোনার সময় আমি কখনো এক সেকেন্ডের জন্য ফিল করেছি- স্বপ্নগুলো অপূর্ণ রেখে মারা যাওয়াটা মোটেও ভালো কিছু না। তবে এই স্বপ্ন পূরণ আমার একার হাতে না। কি মামুন, আশিক, সৈকত, তন্ময়, অলীক ভাই, দাদু (চন্দন) – হবে?”

মন্তব্যের ঘরে অনেকেই জানালেন, দীপনের সঙ্গে কাজ করতে আগ্রহী তারা।

বর্তমানে দীপনের হাতে আছে অসমাপ্ত দুই সিনেমা ঢাকা ২০৪০ ও অপারেশন সুন্দরবন। দুই ছবিতেই আছেন ইন্ডাস্ট্রির নামি তারকারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত