বিয়ের প্রলোভন দেখিয়ে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার পূর্ব নন্দনকোনা গ্রামের এক অন্ধ তরুণীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষকের সহযোগী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ধর্ষক পলাতক রয়েছে।
সিরাজদীখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার নন্দনকোনা গ্রামের ২২ বছর বয়সী অন্ধ তরুণীকে তার প্রতিবেশীর সহযোগিতায় ধর্ষণ করে আসছিল আতাউর রহমান (৫৫) নামে এ ব্যক্তি। প্রতিবেশী চম্পা বেগমের (৪৫) বাড়িতে নিয়েই অন্ধ তরুণীকে ধর্ষণের এ ঘটনা ঘটে আসছে। আতাউর পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার নিমতলা গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে।
ওসি আরো জানান, এ অবস্থায় বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে আতাউর রহমান ও তার সহযোগী চম্পা বেগমকে আসামী করে সিরাজদীখান থানায় মামলা দায়ের করেন। এতে বৃহস্পতিবার সকালে পূর্ব নন্দনকোনা গ্রামে অভিযান চালিয়ে সহযোগী চম্পাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ধর্ষক আতাউর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।
