করোনা রোগীকে গভীর রাতে বের করে দিল বাড়িওয়ালা

আপডেট : ০৮ মে ২০২০, ০৫:২৬ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত এক যুবক ও তার পরিবারকে গভীর রাতে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ওই পরিবারকে আবার বাসায় তুলে দেওয়া হয়। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে রূপসী বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। করোনা আক্রান্ত ওই যুবকের মামা সিরাজুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, তারা রূপগঞ্জের রূপসী বাগবাড়ি এলাকার নূর হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। দুই দিন  আগে তার ভাগ্নের জ¦র অনুভব হয়। নিজ উদ্যোগে নমুনা দিলে গত  মঙ্গলবার তার ভাগ্নের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তখন জেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাকে চিকিৎসাসংক্রান্ত পরামর্শ দিয়ে বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়। বিষয়টি জানার পর বাড়ির মালিক নূর হোসেন ও এলাকার লোকজন বুধবার রাত ১১টার দিকে সিরাজুল ইসলাম ও তার করোনা আক্রান্ত ভাগ্নেসহ পুরো পরিবারকে বাড়ি থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে। যেতে না চাইলে তাদের মারধর করা হয়।

সিরাজুল ইসলাম বলেন, ‘আমার ভাগ্নেকে রূপগঞ্জে পলিটেকনিকে ভর্তি করানোর জন্য ময়মনসিংহ থেকে এনেছিলাম। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে সে ভর্তি হতে পারেনি। বের করে দেওয়া হলে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’

করোনা আক্রান্ত যুবককে বাসা থেকে বের করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আলম মামুন দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা আক্রান্ত যুবককে বাড়িওয়ালা ও স্থানীয় লোকজন বাড়ি থেকে বের করে দিয়েছে বলে শুনেছি। পরে ওই যুবককে প্রশাসনের সহায়তায় আবার ওই বাড়িতে রাখা হয়েছে। করোনা আক্রান্ত রোগীর কোনো উপসর্গ না থাকলে আমরা ওই রোগীকে বাড়িতে আইসোলেশনে থেকেই চিকিৎসা নিতে বলে থাকি। ওই যুবকের কোনো উপসর্গ না থাকলে তার জন্য বাড়িতে থেকে আইসোলেশনে থাকাটাই উত্তম।’

অন্যদিকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম দেশ রূপান্তরকে বলেন, ‘গত বুধবার সন্ধ্যায় আমি নিজে ও স্বাস্থ্য বিভাগের লোকজন ওই যুবককে বাড়িতে থেকে আইসোশলেশনে থাকতে বলে দিই। কিন্তু বাড়িওয়ালা ও স্থানীয় লোকজন অমানবিকভাবে প্রশাসনের নির্দেশ অমান্য করে গভীর রাতে ওই করোনা আক্রান্ত যুবককে বাড়ি থেকে বের করে দেয়। পরে প্রশাসনের উদ্যোগে তাকে আবার রাতেই বাসায় ফিরিয়ে নেওয়া হয়। আমি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত