বাদুড় থেকে ছড়িয়েছে কভিড-১৯: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ০৯ মে ২০২০, ১২:৪৪ পিএম

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) ঠিক কীভাবে ছড়িয়েছে সেটি নিয়ে চীন-আমেরিকা যখন বিতর্ক করছে, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিজ্ঞানী বললেন, এটি বাদুড় থেকে ছড়িয়েছে।

নতুন এই ভাইরাস চীন ইচ্ছা করে ছড়িয়েছে আমেরিকা শুরু থেকে এমন দাবি করছে। আবার চীন বলছে, বনরুই বা প্যাঙ্গোলিন থেকে প্রাকৃতিকভাবে এটি ছড়িয়ে থাকতে পারে। বাদুড় নিয়েও আলোচনা ছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাণী রোগ বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, ‘কভিড-১৯ বাদুড় থেকে ছড়িয়েছে। এটি বিড়ালকেও সংক্রমিত করতে পারে।’

ভাইরাসটি ঠিক কোন প্রাণী থেকে প্রথমে ছড়িয়েছে এটি জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন মিশনে নেমেছে। চীনকে সঙ্গে নিয়ে এই গবেষণা করার কথা থাকলেও লকডাউনের কারণে তার খুব একটা অগ্রগতি নেই।

গত ডিসেম্বরে চীনের একটি মাংসের বাজারে গিয়ে এক ব্যক্তি প্রথম করোনায় আক্রান্ত হন বলে আগেই জানিয়েছে চীন। ওই মাংসের বাজারে ঠিক কীভাবে ভাইরাসটি আসল, তা নিয়ে যত আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, উহানের ওই মাংসের বাজারের পাশে একটি গোপন ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়েছে।

পৃথিবীতে নতুন যত রোগ এসেছে, তার অধিকাংশ মানুষের মাঝে ছড়িয়েছে এই বাদুড়ের মাধ্যমে। কিন্তু কেন?

‘বাদুড়ের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে,’ জানিয়ে শিকাগোর ফিল্ড মিউজিয়াম অব ন্যাচরাল হিস্ট্রির কর্মকর্তা ব্রুস প্যাটারসন পপুলার সায়েন্স ওয়েবসাইটকে বলেন, ‘এই স্তন্যপায়ী প্রাণীর রোগ প্রতিরোধক ব্যবস্থা বা ইমিউন সিস্টেম খুব শক্তিশালী। অসুস্থ না হয়ে তারা দিনের পর দিন ভাইরাস বহন করতে পারে। সমস্যাটা এখানেই।’

বাদুড়ের এই বৈশিষ্ট্যের পাশাপাশি ওড়ার ক্ষমতাও রোগ ছড়াতে ভূমিকা রাখে। স্তন্যপায়ীদের মধ্যে এরাই একমাত্র উড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত