সেনাবাহিনীর উদ্যোগে চুয়াডাঙ্গায় বসেছে জীবাণুনাশক টানেল

আপডেট : ১০ মে ২০২০, ০৫:৪৭ এএম

করোনাভাইরাস সংক্রমণ রোধে সেনাবাহিনীর উদ্যোগে চুয়াডাঙ্গায় বসেছে করোনা জীবাণুনাশক টানেল। সেনাবাহিনীর ১১৯ ফিল্ড ওয়ার্কশপের সদস্যরা শহরের শহীদ হাসান চত্বর এলাকায় টানেলটির কার্যক্রম শুরু করেন।

গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার টানেলের মধ্য দিয়ে প্রবেশের পর নিজেকে জীবাণুমুক্ত করে এর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল আসিফ, পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ অন্যরা। পরে  সাধারণ মানুষও নিজেদের জীবাণুমুক্ত করতে টানেলের ভেতর দিয়ে চলাচল করতে শুরু করেন।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, আগামীকাল (আজ রবিবার) থেকে শহরের মার্কেট, শপিং মল খুলবে। ধারণা করা হচ্ছে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি বাড়বে। সেই ভাবনা থেকেই এ ধরনের জীবাণুনাশক টানেলের উদ্বোধন করা হলো। সেই সঙ্গে মার্কেট ও শপিং মলের সামনেও এমন টানেল বসানোর প্রক্রিয়া চলছে।

লে. কর্নেল আসিফ বলেন, এ টানেল ব্যবহারের ফলে করোনাভাইরাস সংক্রমণ থেকে মানুষ কিছুটা হলেও নিজেদের নিরাপদ রাখতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত