ফর্মের তুঙ্গে আছেন তিনি। তবুও ক্রিকেট থেকে অবসর নিয়ে ভাবতে শুরু করেছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। কবে নাগাদ অবসর নেবেন সে ব্যাপারে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সঙ্গে ফেইসবুকে লাইভ চ্যাটে একটা ইঙ্গিতও দিয়েছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান।
রোহিত জানিয়ে দিলেন, বেশি দিন বাইশ গজে নেই তিনি। ৩৮-৩৯ বছর পর্যন্ত ক্যারিয়ার টানার ইচ্ছা নেই তার। বছর চারেক পরই খেলা ছেড়ে পরিবারকে সময় দিতে মনস্থির করতে পারেন ৩৩ বছর বয়সী এই হিটম্যান।
ওয়ার্নারকে রোহিত বলেন, “ভারতে ক্রিকেটাররা এটা শুনতে শুনতে বড় হয় যে, ক্রিকেটই জীবন। কিন্তু পরিবারও অত্যন্ত জরুরি। সাধারণত একজন ক্রিকেটার যত দিনে অবসর নেয়, তত দিনে তার বয়স ৩৮-৩৯ বছর হয়ে যায়।”
“আমি জানি না ঠিক কবে অবসর নেব। তবে এটা জানি যে ওই বয়সের আগেই অবসর নেব। এটা বোঝানো খুব কঠিন যখন আমরা ক্রিকেট খেলতে বাইরে থাকি, তখন পরিবারকে কতটা মিস করি।”
রোহিত জানান, করোনার কারণে চলমান লকডাউন তার জন্য শাপে বর হয়েছে। বিশেষ করে ‘মাদার্স ডে’তে বাড়িতে থাকার সুযোগ পেয়ে আপ্লুত তিনি।
