অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে এক লকডাউন বিরোধী বিক্ষোভ থেকে দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নে এই ঘটনা ঘটে।
সিএনএ জানায়, পার্লামেন্ট ভবনের বাইরে প্রায় দেড়শো বিক্ষোভকারী জড়ো হয়। করোনা পরিস্থিতি মোকাবিলায় জারি করা বিধি-নিষেধ তুলে নিতে দাবি জানাচ্ছিল তারা। সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম ভঙ্গ করে এরা সেখানে বিক্ষোভ করে।
বিক্ষোভে পুলিশ বাধা দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন পুলিশ কর্মকর্তা আহন হন।
পুলিশ জানিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ১ হাজার ৬শ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।
অস্ট্রেলিয়া ধীরে ধীরে তাদের লকডাউন শিথিল করছে। কিন্তু ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে একটি কসাইখানা থেকে নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানে লকডাউন শিথিল করার সময় পিছিয়ে দেয়া হচ্ছে। এতে বিক্ষোভে নামে লকডাউন বিরোধীরা।
স্বাধীনতা ও অধিকারের জন্য লড়ো, বিল গেটসকে গ্রেপ্তার কর-এমন প্ল্যাকার্ড দেখা যায় বিক্ষোভকারীদের হাতে।
এরকম বিক্ষোভ কেবল অস্ট্রেলিয়ায় নয়, এর আগে লকডাউন বিরোধী এমন বিক্ষোভ দেখা গেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিলসহ বিভিন্ন দেশে।
প্রসঙ্গত এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯২৭ জন মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৫ জন। তবে মারা গেছেন ৯৭ জন।
