শ্রমিকদের বাড়ি ভাড়া কম রাখুন: ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট : ১০ মে ২০২০, ০৭:৫৬ পিএম

করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক শ্রমিকদের বাড়ি ভাড়া কমানোর জন্য এলাকার সকল জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়েছেন ডা. এনামুর রহমান এমপি। এ সময় মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট জটিল পরিস্থিতিতে সমাজের যে যার অবস্থান থেকে তৈরি পোশাক শ্রমিকসহ কর্মহীন অসহায়, দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুরে আলহাজ্ব তৈয়ব আলী মডেল স্কুল মাঠ ও আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া বস্তিতে সামাজিক দূরত্ব বজায় রেখে দুই হাজার অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এই আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী এনামুর রহমান আরও বলেন মহামারী করোনাভাইরাসের কারণে যখন গোটা বিশ্ব বিপর্যস্ত, তখন মানবতার জননী, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কর্মহীন অসহায় দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সরকার। একটি মানুষকেও আমরা না খেয়ে থাকতে দেবো না।

এরই অংশ হিসেব নিজের নির্বাচনী এলাকায় সকল বাড়িওয়ালাদের ৪০ ভাগ ভাড়া মওকুফের অনুরোধ জানিয়ে তা বাস্তবায়নে জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন তিনি। পরে ত্রাণ প্রতিমন্ত্রী বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে অসহায় দুস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান শাহেদের নিজস্ব অর্থায়নে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. স্বপন মাদবরের সহযোগীতায় এই ত্রাণ সামগ্রী বিতরণের সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ এবং ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত