গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ৯ দাবিতে বিক্ষোভ করেছে কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড কারখানার শ্রমিকরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে করে। দুপুরের দিকে একপর্যায় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ জানায়, সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান করেন। কর্তৃপক্ষের কাছে ৯ দফা দাবি উপস্থাপন করার পরও কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন বলে জানান তারা।
তাদের দাবিগুলো হলো: বেতন ৭ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ। মেডিকেল ছুটি পাশ করালে হাজিরা বোনাস থাকতে হবে। মেডিকেল ছুটি কোনো অফিসের কর্মকর্তা পাশ করাতে পারবে না, মেডিকেল ছুটি মেডিকেল ডাক্তার পাশ করাবে। মেডিকেলে সব ধরনের ওষুধ থাকতে হবে। নাইট বিল সর্বনিন্ম ১৫০ টাকাসহ বাৎসরিক ছুটির টাকা জানুয়ারি মাসে দিতে হবে। নিরাপত্তার জন্য ছোট বাটন ফোন সঙ্গে আনার অনুমতি দিতে হবে। যারা রিজাইন দিবে তাদের টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করতে হবে। বিনা কারণে কোন শ্রমিককে বের করা যাবে না। যদি বের করা হয়, তাহলে রানিং মাসের বেতন এবং তিন মাস ১৩ দিনের বেতনসহ রিজাইনের টাকা বুঝিয়ে দিতে হবে।
এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা অরোঙ্গ জেব খান বলেন, গত মাসের বেতন ১৬ তারিখ দুপুর ১২টার মধ্যে পরিশোধ করা হবে। অন্যান্য দাবিও পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ৩০ কারখানা বন্ধ ঘোষণা