বিপিএলে ‘সতীর্থকে দুর্নীতির প্রস্তাব দিয়ে’ ৬ বছর নিষিদ্ধ শফিকুল্লাহ

আপডেট : ১০ মে ২০২০, ০৮:৫১ পিএম

দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেটে ৬ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান শফিকুল্লাহ শফিক। রবিবার এক বিবৃতিতে এই ক্রিকেটারকে নিষিদ্ধ করার কথা জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

শফিকের বিরুদ্ধে অভিযোগগুলোর অন্যতম- ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকা। এ ছাড়া ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসে সতীর্থকে দুর্নীতির প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেবার সিলেট থান্ডারের হয়ে খেলতে এসেছিলেন শফিকুল্লাহ।

৩০ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে মোট ৪টি ধারা ভঙ্গের অভিযোগ আনে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। ধারাগুলো হলো- ঘরোয়া ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা, ঘরোয়া ম্যাচ পাতানোর জন্য ঘুষ দেওয়া বা নেওয়া, ঘরোয়া ম্যাচ পাতানোর জন্য সতীর্থকে প্ররোচিত করা এবং দুর্নীতির প্রস্তাব পেয়েও লুকানো।

অভিযোগ স্বীকার করে নেওয়ায় তাকে ৬ বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়ায়। অস্বীকার করলে এই শাস্তির মেয়াদ আরো বেশি হতে পারত।

আফগানিস্তানের হয়ে ২৪টি ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন শফিকুল্লাহ। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের দলেও ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত