দিনাজপুরে কাউন্সিলরের ছেলের নামে বিশেষ ওএমএসের কার্ড

আপডেট : ১১ মে ২০২০, ০১:১০ এএম

দিনাজপুরে খাদ্য বান্ধব কর্মসূচির বিশেষ ওএসএস এর কার্ড পেয়েছেন কাউন্সিলরের ছেলে। ১০ টাকা কেজি দরে সরকারিভাবে এই বিশেষ ওএমএস এর কার্ড পাওয়ার কথা দুস্থ ও নিতান্ত গরীব মানুষদের। কিন্তু দিনাজপুর পৌরসভার সংরক্ষিত ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর মোছা. মাজতুরা বেগম তার ছেলে মো. মিরেজ হোসেনকে বিশেষ ওএমএস এর কার্ড পাইয়ে দিয়েছেন। বিষয়টি জানাজানি হলে সর্বমহলে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই ওই নারী কাউন্সিলরের ছেলের নামে ওএমএস এর কার্ড করার বিষয়ে সামালোচনাও করেছেন।

সংরক্ষিত নারী কাউন্সিলর মাজতুরা বেগম দাবি করে বলেন, ‘আমার ছেলে কৃষি কাজ করে এ জন্য সে একটা কার্ড করে দিতে বলেছিল, তাই দিয়েছি। আবার আমি কাউন্সিল বলে আমার ছেলে বা আত্মীয়-স্বজনরা কার্ড পাবে না এটা কোনো কথা হলো! সবাই তো ধনী নয়। আমার যারা বংশধর হবে তারা কোনো সুযোগ-সুবিধা পাবে না? আমার আত্মীয়-স্বজন, আমার ভাই-বোন কি কোনো সুযোগ নিতে পারে না?’ কাউন্সিলর তার নিজের ছেলেকে এরকম সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়ে দিনাজপুর পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর আলম দেশ রূপান্তরকে বলেন, বিষয়টি দুঃখজনক! আরও অনেকেই হয়তো এরকম করেছেন। আমরা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম দেশ রূপান্তরকে বলেন, প্রকৃতভাবেই যেন দুস্থ ও অসহায় মানুষরাই এই কার্ডগুলো পায় আমরা সেটা নিশ্চিত হওয়ার জন্য আবার বাছাইয়ের কাজ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত