যুবকের সঙ্গে কথিত প্রেমের ঘটনায় সালিশ

স্বামীসহ গ্রামছাড়া গৃহবধূ যুবককে চড়-থাপ্পড়

আপডেট : ১১ মে ২০২০, ০১:৫০ এএম

টাঙ্গাইলের নাগরপুরে এক গৃহবধূর সঙ্গে যুবকের কথিত প্রেমের ঘটনায় গ্রাম্য সালিশে গৃহবধূ ও তার স্বামীকে গ্রামছাড়া করেছে মাতব্বররা। একই সঙ্গে যুবককে সালিশেই চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়া হয়।

গত বৃহস্পতিবার ভোরে উপজেলার মাইলজানী গ্রামে এ ঘটনা ঘটে। পরে সালিশের ঘটনা ছবিসহ ফেইসবুকে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়।

স্থানীয়রা জানান, গ্রামের অটোচালক শাহিদুল ইসলাম বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রী (৩৫) প্রেমিক সহবতপুর গ্রামের দীপক সাহাকে (২৭) ডেকে আনেন। পরে স্থানীয়রা তাদের অন্তরঙ্গ অবস্থায় শাহিদুলের ঘরে ধরে ফেলে। পরের দিন সালিশ ডেকে গ্রামের মাতব্বর শহিদুল, সহবতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আশেক আলী, হাবিবুর রহমান হাবিবসহ অন্যরা তাদের শাস্তির রায় দেন।

গৃহবধূর স্বামী শাহিদুল বলেন, ‘ঘটনার পরের দিন শুক্রবার বিকেলে ফজলুর রহমান জালু খানের বাড়িতে সালিশ হয়। সেখানে মাতব্বররা স্ত্রীসহ আমাকে গ্রামছাড়ার রায় দেন। পরে স্ত্রীকে অন্যত্র পাঠিয়ে দিই। এক সপ্তাহের মধ্যে অটোরিকশা ভাড়া দিয়ে আমিও চলে যাব।’ এ বিষয়ে মাতব্বর শহিদুল বলেন, ‘গৃহবধূকে গ্রামছাড়ার পক্ষে আমি ছিলাম না।’ সালিশ বৈঠকের ছবিতে দেখা গেলেও আরেক মাতব্বর হাবিব উপস্থিত থাকার কথা অস্বীকার করেন। আর ইউপি সদস্য মো. আশেক আলী বলেন, ‘আমি কোনো শাস্তি দেইনি। তবে সবার উপস্থিতিতে ছেলেটিকে মা-বাবার জিম্মায় দেওয়া হয়।’ ঘটনার পর থেকে দীপক পলাতক।

নাগরপুর থানার ওসি আলম চাঁদ জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকে গ্রামছাড়া করার অধিকার মাতব্বরদের নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত