চট্টগ্রামের পটিয়া উপজেলায় কভিড-১৯ আক্রান্ত এক স্বাস্থ্যকর্মী ও তার পরিবারের সদস্যদের প্রতিবেশীরা পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি অ্যাটেনডেন্স পদে কর্মরত। পুলিশ বলছে, এ রকম কোনো ঘটনা ঘটেনি।
গত শুক্রবার রাতে ওই স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে রাতেই উপজেলা প্রশাসন পটিয়া পৌরসভার গোবিন্দারখীল এলাকায় তার বাড়িটি লকডাউন করে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ জাবেদ বলেন, ‘আমাদের ওই সহকর্মী তার প্রতিবেশীরা পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে বলে আমাকে জানান। আমি ইউএনও এবং ওসিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানিয়েছি। এরপর বর্তমানে সব ঠিক আছে শুনেছি।’ তিনি আরও বলেন, ‘আক্রান্ত ওই ব্যক্তির পরিবারের সঙ্গে প্রতিবেশীর হয়তো বিরোধ থাকতে পারে। এর মধ্যে করোনা সংক্রমিত হয়েছে শুনতে পেরে তারা চেঁচামেচি করেছে।’
ওই স্বাস্থ্যকর্মীর বাবা বলেন, ‘করোনা শনাক্ত হওয়ার পর থেকে আমার ছেলে বাড়িতেই আছে। কিন্তু শনিবার রাতে পাশের দুই বাড়ির লোকজন আমাদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও চিৎকার-চেঁচামেচি শুরু করে। একপর্যায়ে তারা বলে, এখানে করোনা রোগী থাকতে পারবে না। বাড়ি থেকে কেউ বের হলে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।’
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, ‘আমাদের কাছে কেউ এ রকম কোনো অভিযোগ করেনি। হুমকি দিয়েছে এ ধরনের তথ্যও পাইনি। করোনাকালে কেউ এ ধরনের হুমকি দিলে ছাড় দেওয়া হবে না। আমরা আক্রান্তদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়েছি।’৮
