গ্রেপ্তার করলেও কারখানা খোলা রাখব: ইলন মাস্ক

আপডেট : ১২ মে ২০২০, ১০:১৮ এএম

স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে মামলা করে ক্যালিফোর্নিয়ার আলামেডা কাউন্টিতে অবস্থিত ফ্রিমন্ট কারখানা খুলে দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মালিক বলছেন, কারখানায় পুলিশ গেলে তিনি নিজে গ্রেপ্তার হবেন। খবর রয়টার্সের।

নভেল করোনাভাইরাসে আমেরিকায় ৮০ হাজারের বেশি মৃত্যু হলেও কয়েকটি অঞ্চলে কারখানা চালু হয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কিছু কাউন্টি আবার সেই পথে হাঁটছে না।

‘নাছোড়বান্দা’ মাস্ক গত মাস থেকে লকডাউনের বিরুদ্ধে সোচ্চার। এই ধরনের সিদ্ধান্তকে তিনি ‘স্বৈরাচারী’ বলেও মন্তব্য করেছেন। এর ভেতর গত শনিবার আলামেডা কাউন্টির বিরুদ্ধে মামলা করে দেন। অভিযোগে কাউন্টির কর্মকাণ্ডকে তিনি ‘ক্ষমতা-দখলের’ সঙ্গে তুলনা করেন।

মাস্ক শুধু মামলা করেই চুপ থাকেননি। হুমকি দিয়েছেন, খুলতে না দিলে কারখানা নেভাডা অথবা টেক্সাসে সরিয়ে নেবেন।

মার্কিন করোনা টাস্কফোর্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, আলামেডায় ২ হাজার ৬৪ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭১ জন।

টেসলা প্রধান বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া গভর্নরের কাছে কারখানা খোলার অনুমতি চান। রবিবার তিনি জানিয়ে দেন, কারখানায় শ্রমিক যাচ্ছে।

মাস্ক সোমবার টুইটে লিখেছেন, ‘শ্রমিকদের সঙ্গে আমি কাজে নামব। কেউ গ্রেপ্তার হলে সেটা হব শুধুমাত্র আমি।’

আলামেডা কাউন্টিও কম যাচ্ছে না। কর্মকর্তারা টেসলার নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনাকে ‘তথাকথিত’ বলে মন্তব্য করেছেন।

বিবৃতিতে তারা টেসলাকে স্থানীয় প্রশাসনের নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

আইন অমান্যের অভিযোগ প্রমাণিত হলে কাউন্টিটির লকডাউনের নির্দেশে জেল-জরিমানার কথা বলা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত