বাবর আজমের সামর্থ্য ও সম্ভাবনা, কোনোটা নিয়েই সংশয় নেই পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফের। তবে এখনই ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বাবরের তুলনা ঠিক নয় বলে মনে করেন তিনি। তার মতে, বাবরকে পাড়ি দিতে হবে এখনও অনেক পথ।
২০১৫ সালে পাকিস্তান দলে অভিষেকের পর থেকেই দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন বাবর। তার ব্যাটিংয়ের ধরন, রানের ক্ষুধা, পরিসংখ্যান সবই নজরকাড়া। তাই অনেকেই এ যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে তুলনায় আনেন বাবরকে। হয়তো ভারত-পাকিস্তান দ্বৈরথে খেলোয়াড়দের ব্যক্তিগত দ্বৈরথে নতুন মাত্রাও টানতে চান কেউ কেউ।
কিন্তু ইউসুফের ভাবনা ভিন্ন। ‘স্পোর্টস্টার’কে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, ‘বাবর তরুণ। অনেকেই বিরাট কোহলির সঙ্গে তাকে তুলনা করে। কিন্তু আমি মনেকরি এটা আদর্শ সময় নয়। কোহলি অনেক বেশি ম্যাচ খেলেছে এবং সে অনেক বেশি অভিজ্ঞ। সে ২০০৮-০৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।’
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক কোহলির। অর্থাৎ সময়ের হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের চেয়ে ৭ বছরের সিনিয়র কোহলি। স্বাভাবিকভাবেই রান পরিসংখ্যানেও কোহলি যোজন যোজন এগিয়ে।
এরপরও দুজনের তুলনা এসে যায়, কারণ বাবর এগোচ্ছেন ঠিক কোহলির শুরুর সময়ের মতোই। ইউসুফ বলছেন, ‘বাবরের এখনও অনেক পথ পাড়ি দেওয়া বাকি। দুজনেই অসাধারণ খেলোয়াড়। এতে কোনো সন্দেহ নেই। যদি দুজনেরই শুরুর সময়টা দেখেন, দুজনের শুরুটা একই রকম। কিন্তু বাবরের আরো সময় প্রয়োজন। কারণ কোহলি তার চেয়ে ৮-৯ বছর বেশি সময় ধরে খেলেছে।’
কদিন আগে ইউসুফের কাছ থেকে টিপস পেয়ে নিজের ব্যাটিংয়ের উন্নতির কথা বলেছেন বাবর। এ জন্য ধন্যবাদও দিয়েছেন পূর্বসূরিকে। সেই ইউসুফ বলছেন, ‘বাবর সলিড ব্যাটসম্যান এত কোনো সন্দেহ নেই। তবে দুজনের তুলনাটা ঠিক না। কোহলি এই মুহূর্তে বিশ্বের এক নম্বর। সে গ্রেট খেলোয়াড়।’
এই সময়ে সেরা ব্যাটসম্যানের তালিকা করলে বেশ কটি নামই আসে। তবে ইউসুফের চোখে কোহলি সবার সেরা, ‘এই সময়ে বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। যেমন- রোহিত শর্মা, জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন। কিন্তু কোহলি সব ফরম্যাটের জন্যই সেরা। যেভাবে সে ব্যাট করে, যেভাবে চাপ সামলে সেঞ্চুরি তুলে নেয়, এটা অবিশ্বাস্য।’
পাকিস্তানের হয়ে ৩৮১ আন্তর্জাতিক ম্যাচ খেলা ইউসুফ যোগ করেন, ‘বাবরও এই সময়ে ওঠে আসছে। তার আরো অভিজ্ঞতা প্রয়োজন এবং নিজেকে আরো মেলে ধরা প্রয়োজন। আপনি তাড়াহুড়ো করতে পারেন না। তাকে আপনার সময় দিতে হবে।’
