উহানে ফের করোনা, ১০ দিনে এক কোটি মানুষের টেস্ট

আপডেট : ১২ মে ২০২০, ০৯:১২ পিএম

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে ফের করোনা সংক্রমণ দেখা দেওয়ায় শহরটির সকল বাসিন্দা অর্থাৎ এক কোটি দশ লাখ মানুষকে কভিড-১৯ টেস্টের পরিকল্পনা নেয়া হচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে বিবিসি জানায়, এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তবে উহানের স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে কীভাবে প্রত্যেকটি এলাকার প্রতিটি মানুষকে দশদিনের মধ্যে পরীক্ষা করতে পারবে তার বিস্তারিত পরিকল্পনা জানাতে।

ডিসেম্বরে মাঝামাঝি উহানে করোনাভাইরাসের উৎপত্তি। তবে এক মাস আগে শহরটি ভাইরাসটির প্রাদুর্ভাব থেকে মুক্ত হয়। কিন্তু গত সপ্তাহ শেষে সেখানে আবার নতুন করে ছয়জন পজিটিভ শনাক্ত হয়েছে।

৩ এপ্রিলের পর থেকে সেখানে কোন নতুন সংক্রমণের ঘটনা ধরা পড়েনি। এগারো সপ্তাহ ধরে কঠোর লকডাউনে থাকার পর ৮ এপ্রিল থেকে সেখানে সব ধরনের বিধি নিষেধ তুলে নেওয়া শুরু হয়।

এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গিয়েছিল, দোকানপাট ধীরে ধীরে খুলতে শুরু করেছিল এবং গণপরিবহনও খুলে দেয়া হয়েছিল।

কিন্তু একটি আবাসিক ভবন এলাকায় একগুচ্ছ মানুষের মধ্যে আবার নতুন করে সংক্রমণ দেখা দেয়ায় শহরটিতে জনজীবন স্বাভাবিক হয়ে ওঠা এখন আবার নুতন করে ঝুঁকির মুখে পড়েছে।

এমন পরিস্থিতিতে দ্য পেপার নামে সংবাদপত্রের এক রিপোর্টে সেখানকার অভ্যন্তরীন একটি নথিকে উদ্ধৃত করে বলা হয়েছে, শহরের প্রতিটি এলাকার প্রত্যেক মানুষকে দশদিনের মধ্যে পরীক্ষা করার পরিকল্পনা তৈরি করে তা মঙ্গলবার দুপুরের মধ্যে পেশ করতে হবে। 

এই নথিতে এই পরীক্ষা পরিকল্পনার নাম দেয়া হয়েছে 'দশ দিনের লড়াই'। এতে আরও বলা হয়েছে পরীক্ষার সময় বয়স্ক মানুষ এবং যারা গাদাগাদি করে এক আবাসস্থলে থাকে তাদের অগ্রাধিকার দিতে হবে।

তবে গ্লোবাল টাইমস নামে এক সংবাদপত্র উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বলছে, গোটা শহরের প্রতিটি মানুষকে পরীক্ষা করা অসম্ভব এবং বিশাল ব্যয়সাপেক্ষ ব্যাপার।

উহান বিশ্ববিদ্যালয়ের ঝংনান হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটের পরিচালক পেং ঝিয়ংয়ের মতে, শহরের গোটা জনগোষ্ঠিকে পরীক্ষা করার বদলে স্বাস্থ্যকর্মী, যারা ঝুঁকির মুখে এবং যারা কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছে তাদের লক্ষ্য করে এই পরীক্ষা কার্যক্রম চালানো উচিত।

উহান বিশ্ববিদ্যালয়ের আরেকজন পরিচালক বলেন, উহানের জনগোষ্ঠির একটা বড় অংশ অর্থাৎ ৩০ থেকে ৫০ লাখ মানুষকে ইতিমধ্যেই পরীক্ষা করা হয়ে গেছে। এবং বাকি ৬০ থেকে ৮০ লাখ মানুষকে দশদিনের মধ্যে পরীক্ষা করার সক্ষমতা উহানের আছে।

এখন পর্যন্ত চীনে করোনায় আক্রান্ত হন ৮৪ হাজার জন মানুষ, মারা যান ৪ হাজার ৬৩৭ জন। দেশটির আক্রান্ত ও মৃতের অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা।

এদিকে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৮৭ হাজারের অধিক মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত