ভৈরবে লোডশেডিংয়ের প্রতিবাদে এলাকাবাসীর বিদ্যুৎ অফিস ঘেরাও

আপডেট : ১৩ মে ২০২০, ১২:৫৫ এএম

অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে ভৈরব শহরের কমলপুর আমলাপাড়ায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় ভেতরে আটকা পড়েন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি পালন করেন কয়েকশ বিক্ষুব্ধ জনতা।

স্থানীয়দের অভিযোগ, করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারণে অফিস, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু বন্ধ থাকার ফলে বিদ্যুতের চাহিদা বহুলাংশে কমে গেছে। কিন্তু ভৈরবের মানুষ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠছেন। বিশেষ করে রোজা আসার পর এর মাত্রা বেড়ে যাওয়া, নামাজ, ইফতার ও সাহরির সময়ে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে বিদ্যুৎ অফিস ঘেরাও করার খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঘটনাস্থলে যান। পরে পরিস্থিতি শান্ত হয়। এ সময় বিক্ষুব্ধরা কেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামকে ব্যর্থতার দায় নিয়ে ভৈরব ছেড়ে যেতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত