নেত্রকোনায় এবার ইউএনও-ওসির করোনা শনাক্ত

আপডেট : ১৩ মে ২০২০, ০৬:৩৮ এএম

নেত্রকোনায় দুই চিকিৎসক সুস্থ হওয়ার পর এবার একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে পরীক্ষায় কেন্দুয়ার ওই দুই কর্মকর্তাসহ আরও ১১ জনের করোনা শনাক্ত হয়। দুজনই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান। গত সোমবার রাতে সিভিল সার্জনের ফেইসবুক পোস্টে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে কেন্দুয়ায় ইউএনও, ওসি, তিন স্বাস্থ্যকর্মীসহ ছয়জন, বারহাট্টার তিনজন এবং আটপাড়া ও মদন উপজেলার একজন করে রয়েছেন। এ পর্যন্ত ১ হাজার ৭৩০টি নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৪৮টির প্রতিবেদন পাওয়া গেছে। বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে।

সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান দেশ রূপান্তরকে জানান, ৮৫ জনের মধ্যে ছয়জন ডাক্তার, একজন ইউএনও, একজন ওসি ও নয়জন স্বাস্থ্যকর্মী ছাড়া অধিকাংশই গার্মেন্টসকর্মী। যারা করোনাকালে ঢাকার মিরপুর, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন এলাকা থেকে এসেছেন। এ পর্যন্ত দুই চিকিৎসকসহ ২৭ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

এদিকে দুই কর্মকর্তার আক্রান্তের খবরে গতকাল মঙ্গলবার সকাল থেকে কেন্দুয়ায় শুরু হয়েছে আতঙ্ক। স্থানীয়রা জানান, এই দুই কর্মকর্তা করোনাকাল শুরু পরর থেকেই মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছিলেন। জনসমাগম ঠেকানোর পাশাপাশি ধান কাটার শ্রমিক সাজিয়ে যাত্রী পরিবহনের একাধিক ঘটনাও এ দুজনে মিলে ধরেছেন। তারা উপজেলার বিভিন্ন স্থানে গিয়েছেন। এজন্য অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

অন্যদিকে করোনা আক্রান্ত ছয় চিকিৎসকের মধ্যে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডা. আজাহারুল ইসলাম ও ডা. ধ্রুব সাহা রায় ২১ দিন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থেকে শনিবার বাড়ি ফিরেছেন। হাসপাতাল ছাড়ার আগে পূর্বধলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদা আক্তারসহ অন্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা তাদের ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে অভিনন্দন জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত