দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক ১ হাজার ৮শ অসহায়-দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হিলি সীমান্তের ডাঙ্গাপাড়া স্কুল, বোয়ালদাড় স্কুল ও হরিহরপুর মাদ্রাসা মাঠে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া এই অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আখিউল ইসলাম, পৌরমেয়র জামিল হোসেন, খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান, ওসি আব্দুর রাজ্জাক আকন্দসহ অনেকে।
এ সময় তিনি এলাকার বিত্তবানদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের মধ্যে যাদের অবস্থা সম্পদ একটু ভালো রয়েছে তারাও যেন অন্ততপক্ষে একপ্লেট ভাত দিয়ে হলেও আপনার আশপাশের গরীব মানুষদের দিকে একটু দেখবেন সেই আহ্বান রাখছি। সেই সাথে চেয়ারম্যান মেম্বারসহ স্থানীয় যেসব কর্তৃপক্ষ ও চৌকিদার রয়েছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ ত্রাণ নিতে আসা একটা মানুষের প্রতিও যেন কোনো খারাপ আচরণ করা না হয় ও কেউ যেন কোনো উচু কথা না শোনে।
তিনি বলেন, অনেক স্বচ্ছল পরিবার আছে কিন্তু করোনার কারণে দুমাস যাবৎ কাজে যেতে না পেরে কষ্টের মধ্যে রয়েছে কিন্তু তারা লজ্জার কারনে ত্রাণ নিতে আসতে চান না সেজন্য আমরা রাতের বেলা বাড়ি বাড়ি গিয়ে তাদের খাবার পৌঁছে দিয়েছি। সেই সাথে আমার কাছে যখনই কেউ ফোন করেছেন খাবারের জন্য সাথে সাথেই তার কাছে খাবার পৌঁছে দেওয়া হয়েছে।
একইভাবে চেয়ারম্যান ইউএনও ও পুলিশ পর্যন্ত আপনাদের ফোন পেলেই খাবার পৌঁছে দিচ্ছে। এর মধ্যে যদি কোথাও কোনো অনিয়ম দুর্নীতি হয় মানুষ অসহযোগিতার মধ্যে থাকে দয়া করে আমাদেরকে জানাবেন। সেই সাথে যারাই বাইরে থেকে আসছেন তারা যেন ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেন ও কারো কোনো লক্ষণ থাকলে হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
