আনিসুজ্জামান নিজেই এক প্রতিষ্ঠান: ড. কামাল

আপডেট : ১৪ মে ২০২০, ০৭:৫২ পিএম

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। 

তিনি বলেন, আনিসুজ্জামানের মৃত্যুর পর একটাই চাওয়া তা হলো আনিসুজ্জামান যেসব প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেন তা যেন থেমে না যায়, সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে। কারণ তিনি কোনো ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন একটা প্রতিষ্ঠান।

আনিসুজ্জামানের মৃত্যুর পর দেশ রূপান্তরকে দেওয়া এক প্রতিক্রয়ায় এসব বলেন ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এরপর তাৎক্ষণিক পতিক্রিয়ায় ড. কামাল বলেন, দেশের বড় ক্ষতি হয়ে গেল। তার শুণ্যতা পূরণ হওয়ার নয়।

আনিসুজ্জামানের সঙ্গে বিভিন্ন সময়ে তার কাজ করার অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, ম্যাট্রিক পাস করার পর থেকে আনিসুজ্জামানের সঙ্গে আমার পরিচয়। তিনি নীতির বিষয়ে কোনো আপস করতেন না। দলীয় দৃষ্টিকোণ থেকে কোনো বিষয় দেখতেন না। যেটা সত্য তা বলতে দ্বিধা করতেন না। দেশ স্বাধীনের পর সংবিধানের যে খসড়া আমরা প্রণয়ন করেছিলাম তার সঙ্গে যুক্ত ছিলেন আনিসুজ্জামান। 

কামাল হোসেন বলেন, বিগত দিনে কোনো জটিল সমস্যায় পড়লে তার পরামর্শের জন্য গেলে সঠিক পরামর্শ দিতেন। অসাধারণ বিবেকবান মানুষ ছিলেন। অন্যায়ের সঙ্গে কখনো আপস করতেন না।

তিনি বলেন, আনিসুজ্জামানের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ছিল। দুই পরিবারের সদস্যদের মধ্যে আসা-যাওয়া হতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত