করোনা মোকাবিলায় একের পর এক দরকারি চিকিৎসা সরঞ্জাম তৈরি করছে দেশি ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন। এবার ওয়ালটন তৈরি করেছে মেডিকার্ট রোবট ও জীবাণুনাশক রিমোর্ট কন্ট্রোল ইউভি-সি সিস্টেম।
গতকাল বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, মেডিকার্ট রোবট ডিভাইসটির মডেল ‘ডব্লিউআরএমসি-৪০০ এপি-২০২০’। আরএফ ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় রোবটটি ৪০০ মিটার এলাকায় বিচরণের মাধ্যমে স্বয়ংক্রিভাবে খাদ্য, ওষুধ, চিকিৎসা কিংবা অন্যান্য সরঞ্জাম পরিবহন করতে পারে। লিথিয়াম আয়ন ব্যাটারিচালিত এ রোবট একবার পূর্ণ চার্জে ৬ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে চলতে পারে।
এই রোবটের মাধ্যমে আইসোলেশনে থাকা করোনা বা অন্যান্য ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া যাবে। চিকিৎসক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে কম্পিউটার, মোবাইল ফোন বা রিমোটের মাধ্যমে এ রোবট অপারেট করতে পারবেন। এতে থাকা বিশেষ ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকারের মাধ্যমে চিকিৎসক এবং রোগী যোগাযোগ করতে পারবেন। এটি অফিস-আদালত, শিল্প-কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় ব্যবহার করা যাবে।
ওয়ালটন আরও তৈরি করেছে জীবাণুনাশক রিমোট কন্ট্রোল ইউভি-সি থার্মাল জার্মিসাইডাল চেম্বার। এর মডেল ‘ডব্লিউইউভি-টি২৬০এল’। এটি দুইভাবে জীবাণু ধ্বংস করে। ইউভি রশ্মি এবং তাপের মাধ্যমে।
