দেশের বৃহৎ পাইকারি কাপড়ের বাজার বাবুরহাট ফের বন্ধ

আপডেট : ১৬ মে ২০২০, ০৮:১১ পিএম

করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ ঝুঁকির কথা বিবেচনা করে ফের দেশের বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচরের বাবুরহাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার বিকেলে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এ ঘোষণা দেন। এর আগে করোনা ভাইরাস সংক্রামণ রোধে ৩১ মার্চ বাবুরহাট বন্ধ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমান চলমান সংকটের কারণে সারা দেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ায় ভুতুড়ে হাটে পরিণত হয় প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত ঐতিহ্যবাহী পাইকারি কাপড়ের হাট বাবুরহাট।

ব্যবসায়ীদের পরিস্থিতি ও ঈদের কথা চিন্তা করে ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সীমিত আকারে বাবুরহাট বাজারের ব্যবসায়ীদের দোকান খোলার সুযোগ দেয়া হয়। পরে তা বৃদ্ধি করে ১৬ মে পর্যন্ত করা হয়।

কিন্তু বাবুরহাট বাজারের সকল আড়ত ও দোকানে পাইকারি ও খুচরাসহ সকল ধরনের পণ্যের অর্ডার শুধুমাত্র অনলাইনে বা মোবাইল ফোনে গ্রহণ করার কথা থাকলেও তা অধিকাংশ ব্যবসায়ী মানেননি। অনেক ব্যবসায়ীরা দোকান খোলা রেখে স্বাস্থ্যবিধি না মেনেই ব্যবসা পরিচালনা করেছেন। সকল লেনদেন অনলাইন বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সম্পন্ন করার কথা থাকলেও তা সরাসরি সম্পন্ন করা হচ্ছে।

অন্যদিকে বাবুরহাট দেশের বৃহৎ পাইকারি বাজার হওয়ায় বাজারে দেশের বিভিন্ন জেলার ক্রেতার আগমন ঘটছে। বাজারে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সামাজিক দূরত্ব না মেনেই ব্যবসা পরিচালনা করা হচ্ছে। যার কারণে জেলায় করোনা ভাইরাস বিস্তারের সম্ভাবনা রয়েছে। এছাড়া জেলায় করোনা ভাইরাসের রোগীর সংখ্যাও বেড়ে গেছে। এ জন্য করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাবুরহাট বাজার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ব্যবসায়ীদের কথা বিবেচনা করে শর্ত সাপেক্ষে দুই দফায় বাবুরহাট চালু করার অনুমতি দেয়া হয়েছিল। কিছু ক্ষেত্রে শর্ত না পালন করায় এবং হাটের লেনদেন শেষের দিকে চলে আসায় স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে বাবুরহাট বাজারকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত