বিষ প্রয়োগে মাছ ধরায় ৩০ কেজি ওজনের ‘বোস্তামী’ কচ্ছপের মৃত্যু

আপডেট : ১৬ মে ২০২০, ১০:২১ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিষ প্রয়োগ করে মাছ ধরতে গিয়ে ৩০ কেজি ওজনের বোস্তামী প্রজাতির কচ্ছপ হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে।

পীরগঞ্জের তামলাই গ্রাম থেকে শতবর্ষী কচ্ছপটিকে উদ্ধার করা হয়েছিল। কচ্ছপটি শুক্রবার রাতে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে মারা গেছে।

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে তামলাই গ্রামের আবু রায়হানের পুরনো পুকুর থেকে প্রায় ত্রিশ কেজি ওজনের শতবর্ষী কচ্ছপটিকে উদ্ধার করে এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম খবর পেয়ে কচ্ছপটিকে উপজেলা পরিষদ চত্বরে এনে দিনাজপুর বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। রাতেই বন বিভাগের কর্মকর্তারা কচ্ছপটিকে রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেটি মারা যায়।

আব্দুর রহমান আরও জানান, গত মাসে ওই পুকুর থেকে মাছ তোলা হয়। সে সময় পুকুরে খাদ্যের অভাবে ও বিষক্রিয়ায় কচ্ছপটি ভেসে উঠে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, বিষ প্রয়োগ করে মাছ শিকার স্বাস্থ্য সম্মত নয় এবং অন্যান্য জলজ প্রাণীর জন্যও হুমকি। মৎস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত