নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যায় স্পেন এবং ইতালিকেও ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এখন পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় দেশটি চতুর্থ।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৪ হাজার ৯১৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৪২ জন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রাজিলের আগে রয়েছে আমেরিকা, রাশিয়া এবং যুক্তরাজ্য।
এক মাসের ভেতর দুইজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করা ব্রাজিলে করোনা শনাক্তের অবস্থা রীতিমতো ‘যাচ্ছেতাই’। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-রাশিয়ার তুলনায় দেশটিতে মাত্র কয়েক শতাংশ পরীক্ষা হচ্ছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে আরও ৮১৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে এখন পর্যন্ত মোট মৃত্যু ১৫ হাজার ৬৩৩ জনের।
জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুযায়ী, এই প্রতিবেদন লেখ পর্যন্ত কভিড-১৯ রোগে গোটা পৃথিবীতে ৪৬ লাখ ৩২ হাজার ৯০৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু ৩ লাখ ১১ হাজার ৭৩৯ জনের। সুস্থ হয়েছেন ১৬ লাখের বেশি মানুষ।
এর মধ্যে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ১৪ লাখ ৬৭ হাজার ৭৯৬ জন। মারা গেছেন ৮৮ হাজার ৭৫৪ জন।
রাশিয়ায় আক্রান্ত ২ লাখ ৭২ হাজার ৪৩ জন। মারা গেছেন ২ হাজার ৫৩৭ জন।
যুক্তরাজ্যে ২ লাখ ৪১ হাজার ৪৬১ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৩৪ হাজার ৫৪৬ জন।
স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ৬৯৮ জন। মারা গেছেন ২৭ হাজার ৫৬৩ জন।
ইতালিতে ২ লাখ ২৪ হাজার ৭৬০ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি নতুন এই রোগে প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ৭৬৩ জন।
