করোনার ভ্যাকসিনের জন্য অপেক্ষা করা সম্ভব নয়: ইতালির প্রধানমন্ত্রী

আপডেট : ১৭ মে ২০২০, ০৫:৪১ পিএম

ঝুঁকি মেনে নিয়েই আরও বেশি লকডাউন শিথিলের দিকে যাচ্ছে ইতালি। জুনের শুরুতে চালু হচ্ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট, যাত্রীদের জন্য তুলে নেয়া হচ্ছে কোয়ারেন্টাইনে থাকার নিয়মও।

গত ফেব্রুয়ারিতে দেশটির উত্তরাঞ্চলে করোনার সংক্রমণ দেখা দেয়ার পর দেশটি জুড়ে নিষেধাজ্ঞা জারি করা প্রথম ইউরোপীয় দেশ ইতালি।

কিন্তু চলতি মাসের শুরুর দিকে এসব নিষেধাজ্ঞার শর্ত শিথিল করতে শুরু করে দেশটি। এর অংশ হিসেবে ৪ মে থেকে পার্ক এবং কারখানা খুলে দেয়া হয়।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। তবে গত কিছুদিন ধরে আক্রান্ত ও মৃতের হার কমে এসেছে।

ফলে আরও বেশি লকডাউন শিথিলের দিকে যাচ্ছে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের সতর্কতাকেও উপেক্ষা করছে দেশটির সরকার।

বিবিসি জানায়, শনিবার সন্ধ্যায় এক টিভি ভাষণে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে স্বীকার করেছেন যে, দেশটি লকডাউন আরো শিথিল করার যে পদক্ষেপ নিতে যাচ্ছে তাতে সুনির্দিষ্ট ঝুঁকি রয়েছে।

তিনি বলেন, সংক্রমণের রেখা আবারো উর্ধ্বমুখী হতে পারে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তা না হলে আমরা আর কখনোই নতুন করে শুরু করতে পারবো না। 

জিউসেপ কোঁতে বলেন, ভ্যাকসিন আবিষ্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না তাহলে দেশে অর্থনৈতিক ও সামাজিকে ক্ষেত্রে বড় ভাঙন দেখা দিতে পারে।

তিনি ঘোষণা করেছেন যে, ইতালিতে প্রবেশ এবং দেশটি থেকে বাইরে যাওয়া, ইতালির মধ্যেই ভ্রমণ আগামী ৩রা জুন থেকে চালু হবে। দুই সপ্তাহ কোয়ারেন্টিনে না গিয়েই ইতালিতে প্রবেশ করতে পারবে ইউরোপীয় পর্যটকরা।

সামাজিক দূরত্ব বজায় রেখে ১৮ মে থেকে দোকানপাট এবং রেস্তোরাঁ খুলে দেয়া হবে। একই দিনে ক্যাথলিক চার্চগুলোও খোলার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সেখানে অবশ্যই কঠোরভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে এবং সবাইকে মাস্ক পড়তে হবে। অন্যান্য ধর্মের অনুসারীরাও নিজ নিজ ধর্মীয় আচার পালন করতে পারবে।

শরীরচর্চা কেন্দ্র, সুইমিং পুল এবং খেলাধুলা কেন্দ্রগুলো ২৫শে মে, এবং সিনেমা ও থিয়েটার ১৫ জুন থেকে খুলবে।

টানা দুই মাসেরও বেশি সময় লকডাউনে থাকার পর নতুন ঘোষিত এসব পদক্ষেপ দেশটির অর্থনীতিকে চাঙ্গা করার বিষয়ে বড় ধরণের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে, বাণিজ্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অর্থনৈতিক প্রভাব কাটিয়ে উঠতে ৫৫ বিলিয়ন ইউরো প্রণোদনা ঘোষণা করে দেশটির সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত