হাঁস খেতে দেখে অজগরকে পিটিয়ে হত্যা করল গ্রামবাসী

আপডেট : ১৮ মে ২০২০, ০১:৫৭ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে হাঁস খেয়ে ফেলায় একটি অজগর সাপকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। তবে রাজকান্দি বনবিভাগ অজগর হত্যার বিষয়টি অস্বীকার করেছে।

আদমপুর ইউনিয়নের কাঠাঁলকান্দি গ্রামে শনিবার বিকেলে ঘটনাটি ঘটে। খাদ্যের সন্ধানে অজগরটি বেড়িয়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াহিদের বসতবাড়ির পার্শ্ববর্তী ধানি জমিতে থাকা ৩টি হাঁস খেয়ে ফেলে অজগরটি। এসময় এলাকার কয়েকজন যুবক তা দেখে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন। এলাকার সামাদ মিয়ার ছেলেরা অজগরটিকে পিটিয়ে হত্যা করে।

স্থানীয় বন বিভাগের লোকজন বিষয়টি জানলেও কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। আদমপুর বিট অজগর হত্যার বিষয়টি অস্বীকার করেছে বলে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মোনায়েন হোসেন জানিয়েছেন।

মোনায়েম হোসেন বলেন, অজগরকে পিটিয়ে হত্যার বিষয়টি খবর পেয়ে তিনি স্থানীয় আদমপুর বিটে যোগাযোগ করলে বিট কর্মকর্তা অজগর হত্যার বিষয়টি অস্বীকার করে বলেন অজগর হত্যার কোন সংবাদ তিনি পাননি।

এদিকে অজগর হত্যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবেশবাদীরা তীব্র নিন্দা জানিয়েছেন। অজগর হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জীব বৈচিত্র্য রক্ষা কমিটির নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত