করোনাজয়ী দুই চিকিৎসকের পর এবার প্লাজমা দিলেন এক সাংবাদিক। গতকাল রবিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক আশিকুর রহমানের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। ঢামেক হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি সাবকমিটির প্রধান অধ্যাপক ডা. এমএ খান বিষয়টি নিশ্চিত করেন।
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে প্লাজমা থেরাপি প্রয়োগের জন্য গত শনিবার দেশে প্রথম দুই চিকিৎসকের প্লাজমা সংগ্রহ করা হয়। তারা হলেন সোহরাওয়ার্দী হাসপাতালের ডা. দিলদার হোসেন বাদল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ডা. রওনক জামিল পিয়াস।
