পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে তীলক পাল (২৮) ও সুমন (১৮) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার বালিয়াতলী ইউপির তুলাতলী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত হন তানজিল (২৪) নামের আরও এক যুবক।
নিহত তীলক পৌর শহরের ইসলামপুর এলাকার সমীর পালের ছেলে এবং সুমন নাচনাপাড়া এলাকার জামাল মিয়ার ছেলে।
আহতদের স্বজন এবং পুলিশ সূত্রে জানা যায়, তীলক কলাপাড়া পৌর শহরের একটি কাঁচামালের আড়তে ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন।
দুর্ঘটনার সময় বাবলাতলা বাজার থেকে কালেকশন করে তারা তিনজন এক মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।
এ সময় তুলাতলী ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সামনের চাকা পাঞ্চার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই সড়কে পাশে ছিটকে পড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তীলক পালকে মৃত ঘোষণা করেন। গুরতর আহত সুমন এবং তানজিলকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুমন।
কোনো অভিযোগ না থাকায় তীলক ও সুমনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
