করোনাভাইরাসজনিত সংকটে হতদরিদ্র ৫০ লাখ পরিবারের জন্য সরকার ঘোষিত নগদ অর্থ সহায়তা কার্যক্রমের তালিকা নিয়ে অনিয়মে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা নিতে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল সোমবার ই-মেইলে স্বরাষ্ট্র, ত্রাণ ও দুর্যোগ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে নোটিসটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন। নোটিসপ্রাপ্তির পাঁচ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অ্যাডভোকেট লিংকন বলেন, ‘বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভয়াল থাবায় আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকার সামর্থ্যরে সবটুকু দিয়ে বিপর্যয় রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অসহায় ৫০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তার প্রকল্প দরিদ্র মানুষকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার পথ দেখাচ্ছিল।’
×
