সোনাগাজীতে ব্যবহার উপযোগী ৫৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত

আপডেট : ২০ মে ২০২০, ০১:০৯ এএম

ফেনীতে আম্পান মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজীতে ব্যবহার উপযোগী ৫৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম, খোলা হয়েছে ‘নিয়ন্ত্রণ কক্ষ’।

সূত্র জানায়, সোনাগাজী উপজেলার সদর, চর দরবেশ, চর চান্দিয়া ও আমিরাবাদ ইউনিয়নে ৩৩টি সাইক্লোন শেল্টার ও ২৫টি স্কুল ঘর প্রস্তুত রাখা হয়েছে। ১১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ১০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

করোনার কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সোনাগাজী পৌর এলাকার শেল্টারেও মানুষজন সরিয়ে আনতে হতে পারে।

স্বেচ্ছাসেবী সিপিপির টিম প্রস্তুত রয়েছে। ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং গ্রাম পুলিশের সদস্যরা মাঠে কাজ করছেন। দুর্যোগকালীন উদ্ধার তৎপরতাসহ বিভিন্ন কাজের জন্য সিপিপির দেড় হাজার স্বেচ্ছাসেবকসহ দুই হাজার কর্মী মাঠে থেকে কাজ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিত দেব বলেন, ঘূর্ণিঝড় ও দূর্যোগ মোকাবিলায় এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনাসহ জনগণকে সতর্ক করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক মাইকিং করা হয়েছে।

ফেনী প্রশাসক মো. ওয়াহিদুজজামান জানান, পর্যাপ্ত ত্রাণ সামগ্রীসহ ফেনীর সোনাগাজীসহ উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্র সমূহ প্রস্তুত রয়েছে। আশ্রয়কেন্দ্রে লোকজন ও গবাদিপশু সরিয়ে আনতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত